কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটংয়ে সামাজিক বনায়ন কর্মসূচির উপকারভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বনসম্পদ সংরক্ষণ, সামাজিক বনায়ন কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়ন এবং উপকারভোগীদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করা হয়।
শনিবার (১০ অক্টোবর) সকালে টইটং বিট কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
টইটং বিট কর্মকর্তা আব্দুল মোতালিব আল মোমেনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন মো. আলমগীর।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টইটং ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মো. জয়নাল আবেদীন। এ সময় বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আবু বক্কর, যুবদল নেতা শাহাদাত হোছাইন চৌধুরী , এম ইউপি মাওলানা আব্দুল হক, সাংবাদিক দিদারুল করিম ও অ্যাডভোকেট ইমরান সাইফুলসহ অন্যরা।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় এম ইউপি সদস্য আবু ওমর, হেডম্যান রশিদ আহম্মদ, শাহাজাহানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ২০১৩, ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালের সামাজিক বনায়ন কর্মসূচির উপকারভোগী সদস্যরা।
আলোচনায় বক্তারা বলেন, বনসম্পদ সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সামাজিক বনায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কর্মসূচির সুফল ধরে রাখতে উপকারভোগীদের সচেতনতা, দায়িত্বশীলতা এবং বন বিভাগের সঙ্গে সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন। পাশাপাশি সামাজিক বনায়ন কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়ন ও বনসম্পদ রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান তাঁরা।
সভায় সামাজিক বনায়ন কর্মসূচির বিভিন্ন দিক, উপকারভোগীদের দায়িত্ব ও করণীয় এবং বন সংরক্ষণে করণীয় বিষয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।