পবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর ও আন্তর্জাতিক শিক্ষার্থী বিষয়ক পরিচালকের চীনের সান ইয়াত-সেন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) প্রো-ভাইস চ্যান্সেলর ও সমুদ্রবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ.বি.এম. সাইফুল ইসলাম এবং আন্তর্জাতিক শিক্ষার্থী বিষয়ক পরিচালক কৃষিবিদ ড. হাচিব মোহাম্মদ তুষার গত ৬ অক্টোবর চীনের সান ইয়াত-সেন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তাঁরা সান ইয়াত-সেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকদের সঙ্গে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এ সময় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক ও গবেষণাভিত্তিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক গুরুত্ব পায়।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত হওয়ায় সামুদ্রিক গবেষণা ও সমুদ্রবিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টির বিশেষ সম্ভাবনা রয়েছে। এ প্রেক্ষাপটে সান ইয়াত-সেন বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পবিপ্রবি পরিদর্শন এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময়ের আগ্রহ প্রকাশ করেন।
উল্লেখ্য, জাপান সোসাইটি ফর দ্য প্রমোশন অব সায়েন্সের (জেএসপিএস) গবেষক হিসেবে অধ্যাপক ড. এ.বি.এম. সাইফুল ইসলাম ও কৃষিবিদ ড. হাচিব মোহাম্মদ তুষার জাপান সফরে যাওয়ার পথে চীনের সান ইয়াত-সেন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। এ সফর দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভবিষ্যৎ গবেষণা সহযোগিতা ও জ্ঞান বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।