পেকুয়ায় ‘ইউসুফ আলী’ হত্যা মামলার প্রধান আসামি আকাশ মিয়াকে (২১) গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানার পুলিশ দ্বীপ উপজেলা কুতুবদিয়ার লেমশিখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আকাশ মিয়া টইটং ইউনিয়নের আলিম্যারঝিরি এলাকার নুরুল কাদের এর ছেলে। নিহত ইউসুফ আলী ও একই এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছেন, ধৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। এই পর্যন্ত ওই মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।
গত ৬ সেপ্টেম্বর বিকেলে টইটং ইউনিয়নের আলিম্যারঝিরি এলাকায় নলকূপ থেকে পানি নেওয়াকে কেন্দ্র করে ইউসুফ আলীর সঙ্গে প্রতিবেশী নুরুল কাদের গংদের বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে তাকে দুই দফায় মারধর করা হয়। পরে পাকা সড়কের ওপর মাথায় তুলে আছাড় মারে। এতে ইউসুফ আলী গুরুতর আহত হন। একই ঘটনায় তার পরিবারের আরও তিন সদস্য আহত হন।
গুরুতর আহত ইউসুফ আলীকে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী ছেনুয়ারা বেগম বাদী হয়ে গত ৯ সেপ্টেম্বর রাতে পেকুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় একই পরিবারের পাঁচজন নামোল্লেখ করে অজ্ঞাত ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়েছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মামলার প্রধান আসামি আকাশ মিয়াকে কুতুবদিয়ার লেমশিখালী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে