বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের(বাকৃবি) ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটির (IIFS) উদ্যোগে ‘বিএসসি ইন ফুড সেফটি ম্যানেজমেন্ট (অনার্স)’ লেভেল ৪ সেমিস্টার ২ (জুলাই-ডিসেম্বর-২০২৫) শিক্ষার্থীদের জন্য 'ওরিয়েন্টেশন ফর ইন্টার্নশীপ' প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার সকাল ১১টায় ইনস্টিটিউট এর কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো: রুহুল আমীন।
ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো: গোলাম মর্তুজা এর সভাপতিত্বে এবং লেকচারার ফারহানা বিনতে ফেরদৌসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন ইন্সটিটিউটের সহযোগী পরিচালক প্রফেসর ড. ফাহমিদা খাতুন।

সহকারী প্রফেসর ড. অনিরুদ্ধ সরকার অনুষ্ঠিতব্য ইন্টার্নশীপের উপর তথ্যবহুল উপস্থাপনা পেশ করেন। এছাড়াও ইন্টার্নশীপ কোর্স নিয়ে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা-মূলক বক্তব্য প্রদান করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. জোয়ার্দার ফারুক আহমেদ, আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. মিনারা খাতুন, সোনালী দলের সাধারণ সম্পাদক প্রফেসর ড. এ.কে. এম. আদহাম,হাওর ও চরউন্নয়ন ইন্সটিটিউটের সহযোগী পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সোহেল রানা সিদ্দিকী প্রমুখ।
ইন্টার্নশীপে অংশগ্রহণকারীদের পক্ষে দুইজন ছাত্র-ছাত্রী তাদের অনুভূতি ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার অত্র ইন্সটিটিউটের চতুর্থ ব্যাচের ইন্টার্নশীপের ছাত্র-ছাত্রীদেরকে ছয়মাস মেয়াদি এই কোর্সটি সম্পন্নকরণে সুযোগ পাওয়ায় সৌভাগ্যবান বলে উল্লেখ করেন।

সময়োপযোগী ও প্রাসঙ্গিক এই ইন্টার্নশীপ কোর্সটি অংশগ্রহণকারী প্রতিটি শিক্ষার্থী যেন নিষ্ঠা, সততা ও একাগ্রতার সাথে সম্পন্ন করে সেদিকে গভীর মনোনিবেশ করার জন্য তিনি আহবান জানান। তিনি অত্র ইন্সটিটিউটের কোর্স-কারিকুলামের বিভিন্ন ভালো দিক উল্লেখ করে এটাকে আরও আধুনিক ও মানসম্মত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করেন।
তিনি সকল ছাত্র-ছাত্রীদের সাফল্য কামনা করে এবং ভবিষ্যতে পেশাগত জীবনে অর্জিত জ্ঞানের সফল প্রয়োগ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি ইন্টার্নীদের মাঝে সেফটি কিট এবং ল্যাব ড্রেস বিতরণ করেন।

ইনস্টিটিউটের (IIFS) পরিচালক প্রফেসর ড. মো. গোলাম মর্তুজা সমাপনী বক্তব্যে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং ইন্টার্নশিপের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
উল্লেখ্য, মোট ১২ ক্রেডিটের ছয় মাস মেয়াদি এই প্রোগ্রামে সর্বমোট ২৬ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করেন। এছাড়াও এ প্রোগ্রামে সংশ্লিষ্ট বিভাগের বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।