গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঢাকা-যশোর মহাসড়কের কালনা মধুমতি সেতুর টোল প্লাজা এলাকায় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় কবির মুন্সি (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে মহাসড়কের উপর তাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয়রা বিষয়টি হাইওয়ে পুলিশকে জানান।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর নৃপেন কুমার দাশ জানান, "দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখান থেকে ভিকটিমকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।"

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকনুজ্জামান জানান, নিহতের ভাই ইয়াসিন মুন্সীর আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিহত কবির মুন্সি কাশিয়ানী উপজেলার পিংগলিয়া গ্রামের মৃত জহুর মুন্সীর ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।