
ফকিরহাটে রেণুপোনা ব্যবসায়ির বাড়িতে ডাকাতির অভিযোগ, বোমা মেরে আতংক সৃষ্টি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার সাতশৈয়া গ্রামে রেণুপোনা ব্যবসায়ি মাহাবুব মল্লিকের বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে।
এসময় ডাকাতদল বোমা মেরে আতংক সৃষ্টি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নারীসহ তিনজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, , উপজেলার সাতশৈয়া গ্রামে শনিবার (৫ সেপ্টেম্বর) ভোর পৌনে চারটার দিকে মাহাতাব মল্লিকের ছেলে মাহাবুব মল্লিকের বাড়ির ঘরের লোহার গেটের তালা ভেঙ্গে ৫/৬জনের একদল ডাকাত ঘরে প্রবেশ করে পরিবারের সকলকে অস্ত্রের মূখে জিম্মি করে। পরে তাদের মারপিট ও ভয়ভীতি দেখিয়ে মাহাবুব মল্লিকের স্ত্রীর গলা থেকে একটি স্বর্ণের চেনের অংশ বিশেষ ছিড়ে নেয়। এছাড়া তার বোনের একটি মুঠোফোন কেড়ে নেয়।
এসময় পরিবারের সদস্যদের ডাকচিৎকারে এলাকাবাসী ছুটে আসলে ডাকাতদল রাস্তায় ও একটি বাড়িতে পর পর দুটি বোমা নিক্ষেপ করে আতংক সৃষ্টির করে পালিয়ে যায়।
ডাকাতদের হামলায় গৃহকর্তা মাহাবুব মল্লিক (৩৯), ক্যান্সারে আক্রান্ত অসুস্থ মা রিজিয়া বেগম (৭০) ও বোন রেহেনা মল্লিক (৪৩) আহত হয়েছেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছেন।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (সার্কেল) রাশেদুল ইসলাম রানা, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রজিউল্লাহ খান, উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরাসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শণ করেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রজিউল্লাহ খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। #