গোপালগঞ্জের কাশিয়ানীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে উপজেলার শহীদ মিনারের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়।
পরে শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিমের উপস্থাপনায় এবং সভাপতি গোলাম মোস্তফা মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনের সংসদ সদস্য জননেতা সেলিমুজ্জামান সেলিম।
প্রধান অতিথির বক্তব্যে এমপি সেলিমুজ্জামান সেলিম বলেন, "শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। দেশের যেকোনো ক্রান্তিলগ্নে বিএনপি জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে"।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, "দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে"।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সফিকুল ইসলাম সফি, যুগ্ম সাধারণ সম্পাদক হিরো মৃধা, দপ্তর সম্পাদক নুরে বোরহান লিটন, তথ্য ও প্রকাশনা সম্পাদক শহিদুল ইসলাম মুন্না।
এছাড়া উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, যুবদলের আহ্বায়ক এনামুল হক সিমুল, ছাত্র বিষয়ক সম্পাদক বিল্লাল খান, সদস্য সচিব আরিফুল ইসলাম পাবেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটু, সদস্য সচিব মিলন খান সহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভা শেষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।