ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই ব্যক্তি আহত হয়েছেন। ঘটনাটি ঘটে রোববার দুপুরে উপজেলার বিল ছোনাউটা গ্রামে। আহতদের মধ্যে আলম চৌধুরীকে কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া)-এ ভর্তি করা হয়েছে এবং তার পুত্র রুবেল চৌধুরীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিল ছোনাউটা গ্রামে জমিজমা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে গত রোববার দুপুরে আসামীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলার ঘটনা ঘটায়। হামলায় আলম চৌধুরী ও তার পুত্র রুবেল চৌধুরী গুরুত্বর আহত হন। ভুক্তভোগীদের অভিযোগ, মারধরের সময় হামলাকারীরা তাদের কাছ থেকে নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কাঁঠালিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে কাঁঠালিয়া থানার পুলিশ জানায়, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।