"‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় (১৬-২২ আগষ্ট) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মাছ অবমুক্ত করা হয়।
রোববার (১৬ আগষ্ট) সকাল ১০ টায় বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

র্যালি শেষে উপজেলা হল রুমে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম রায়হানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. ইলিয়াস মোল্লা।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা তরুন বসু। এসময় তিনি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে মৎস্যচাষি ও সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মনজুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মো. মাসুদ, আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির কামাল হুসাইন, নায়েবে আমির এস এম রিদওয়ানুন্নবী রেদওয়ান, উপজেলা এনসিপির আহ্বায়ক আব্দুল জলিল, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, সফল মৎস্যচাষি কাজী শামসুজ্জামান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ও স্থানীয় মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠান শেষে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় সফল মৎস্যচাষিদের মধ্যে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।