নেত্রকোণা জেলার মদন উপজেলার মদন-নেত্রকোণা প্রধান সড়কের চানগাঁও ইউপি অফিস-খাগুরিয়া ফেরীঘাট সড়কে নবনির্মিত ১০ মি: পিএসসি গার্ডার সেতুটিতে উদ্বোধনের বছরখানেকের মাঝেই মারাত্মক ফাটল দেখা দিয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) অধীনে প্রায় ৮ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই সেতুর গার্ডার ও এপ্রোচরোডে বিশাল ফাটল দেখা দেওয়ায় বর্তমানে সেতুটি সম্পূর্ণ অকেজো ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় প্রশাসন সেতুটির ওপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।

স্থানীয়দের অভিযোগ ২০২০ সালের জুলাই মাসে কাজ শুরু হয়ে ২০২৪ সালের মার্চে শেষ হওয়া এই সেতুটি নির্মাণের এক বছর পার হতে না হতেই এমন বেহাল দশায় রূপ নিল। এপ্রোচরোডের মাটি ধসে যাওয়ার পাশাপাশি মূল গার্ডারে ফাটল দেখা দেওয়ায় কোটি কোটি টাকার সরকারি অর্থ অপচয়ের পাশাপাশি দীর্ঘদিনের যাতায়াত কষ্ট লাঘবের আশাও ভেস্তে গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুর দুই পাশের সংযোগ সড়ক বা এপ্রোচরোড ধসে গিয়ে মূল কাঠামো থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গার্ডারের ফাটলগুলো ক্রমেই বড় আকার ধারণ করছে। যানবাহন চলাচল বন্ধ থাকায় চানগাঁও ইউনিয়নসহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষকে এখন দীর্ঘ পথ ঘুরে বা ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

এদিকে সেতুটি অকেজো হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত এই অনিয়মের সুষ্ঠু তদন্ত, দায়ী ব্যক্তিদের শাস্তি এবং জরুরি ভিত্তিতে সেতুটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন।
এবিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ঠিকাদারি প্রতিষ্ঠান সমীরণ চৌধুরী-এমআরএস (জেভি) এর কাছে জানতে চাইলে সমীরণ চৌধুরী জানান, আমরা কাজ শেষ করে বিলও তুলে নিয়ে এসেছি, এখন এটা আমার দেখার বিষয় না। এলজিইডিকে জিজ্ঞেস করেন।

এ বিষয়ে মদন উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী আরিফ উল্লাহ্ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি অতিসম্প্রতি মদন উপজেলায় যোগদান করেছি তাই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানিনা। তবে বিষয়টি যাচাই-বাছাই করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।