কচুয়া উপজেলার জিরো পয়েন্ট সংলগ্ন উপজেলা ক্রীড়া সংস্থার পাশে পথচারী ও সর্বসাধারণের জন্য নিরাপদ বিশুদ্ধ খাবার পানির শুভ উদ্বোধন করা হয়েছে।
২ আগস্ট (রবিবার) বিকাল ৫টায় ফিতা কেটে এই সেবামূলক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আলী হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রায়হান হোসেন, কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম, কচুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, জাহিদুল ইসলাম বুলু, মাসুম শেখ এবং ক্রীড়া ব্যক্তিত্ব ও মানবাধিকার কর্মী নাজমুস সালেহী সুজন।

এছাড়া অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, গণ্যমান্য সুধীজন ও এলাকার স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে উপস্থিত সকলের কল্যাণ ও সর্বসাধারণের নিরাপদ পানি সুনিশ্চিত করার লক্ষ্যে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
জিরো পয়েন্টের মতো জনবহুল স্থানে এই বিশুদ্ধ পানির ব্যবস্থা করায় স্থানীয় সাধারণ মানুষ ও পথচারীরা সংশ্লিষ্টদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।