প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৬, ৩:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২, ২০২৬, ৭:২৯ পি.এম
এলপিজির দাম বৃদ্ধি করায় গভীর উদ্বেগ প্রকাশ: মিয়া গোলাম পরওয়ার

দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বৃদ্ধি করায় গভীর উদ্বেগ প্রকাশ: মিয়া গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার ২ আগস্ট, রোববার এক বিবৃতিতে দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বৃদ্ধি করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, এমনিতেই দেশে নিত্যপণ্যের ঊর্ধ্বমুখিতায় দিশেহারা সাধারণ মানুষ। এর মধ্যে গৃহস্থালিতে ও গাড়িতে ব্যবহৃত এলপিজি ও অটোগ্যাসের মূল্য নতুন করে বাড়ানোয় ভোক্তাদের উপর বাড়তি ব্যয়ের বোঝা চাপিয়ে দিয়ে জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে সরকার, যা খুবই উদ্বেগজনক। আমি সরকারের এমন জনবিরোধী সিদ্ধান্তের নিন্দা জানাই।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার তেল, গ্যাস ও বিদ্যুতের দফায় দফায় দাম বৃদ্ধি করেছে। এতে বিভিন্ন নিত্যপণ্যের দাম বৃদ্ধির ফলে দীর্ঘমেয়াদে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নিম্নবিত্ত, মধ্যবিত্তসহ বিভিন্ন শ্রেণির মানুষের আয় না বাড়লেও ব্যয় বাড়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। আমি অবিলম্বে গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার করে জনগণকে স্বস্থি দেয়ার আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, আজ ২ আগস্ট ভোক্তা পর্যায়ে গৃহস্থালিতে বহুল ব্যবহৃত ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর ফলে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৯৮ টাকা, যা দাম বাড়ার আগে ছিল ১ হাজার ৫২৮ টাকা। এছাড়া যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের নতুন দাম দাঁড়িয়েছে প্রতি লিটার ৭৩ টাকা ৬৭ পয়সা।
তিনি বলেন, গ্যাসের এরূপ মূল্যবৃদ্ধি দেশের উৎপাদন খাতসহ সবক্ষেত্রে প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছি। এজন্য দেশের চাহিদা পূরণে এলএনজি আমদানি করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে এলপিজির বর্ধিত দাম প্রত্যাহার করে জনজীবন স্বস্তি ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
Copyright © 2026 খুলনা টাইমস ২৪. All rights reserved.