রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী এলাকায় রোববার (২৬-৭-২৬) মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় উল্টে যাওয়া একটি মালবোঝাই কাভার্ডভ্যান সোমবার (২৭-৭-২৬) দুপুর গড়িয়ে গেলেও সরানো সম্ভব হয়নি। ফলে ঢাকা থেকে গাজীপুর, ময়মনসিংহসহ উত্তরাঞ্চলমুখী গুরুত্বপূর্ণ সড়কটিতে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে অফিসগামী কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, দূরপাল্লার যাত্রী এবং পণ্যবাহী যানবাহনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দিবাগত গভীর রাতে দ্রুতগতিতে চলার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটি সড়কের মাঝখানের আইল্যান্ডে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় গাড়িটি উল্টে গিয়ে আউটগোয়িং লেনের ওপর আড়াআড়িভাবে পড়ে থাকে। এতে ঢাকা থেকে বের হওয়ার অন্যতম ব্যস্ত এই সড়কের একটি বড় অংশ কার্যত অচল হয়ে পড়ে।
সোমবার সকাল থেকেই দুর্ঘটনাস্থলের আশপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়। বিশেষ করে বিমানবন্দর সড়ক ব্যবহারকারী যাত্রীদের ভোগান্তি আরও বেড়ে যায়। যানজটের কারণে গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি, অ্যাম্বুলেন্স এবং পণ্যবাহী ট্রাকগুলো দীর্ঘ সময় আটকে থাকে।
ট্রাফিক পুলিশ জানায়, দুর্ঘটনার পর থেকেই ঢাকা থেকে গাজীপুর ও ময়মনসিংহমুখী লেনে যানবাহন অত্যন্ত ধীরগতিতে চলাচল করছে। বিকল্পভাবে কিছু যানবাহনকে ইনকামিং লেন ব্যবহার করে নিয়ন্ত্রিতভাবে চলাচলের সুযোগ দেওয়া হলেও এতে যানজট পুরোপুরি নিরসন সম্ভব হয়নি। অন্যদিকে রাজধানীমুখী লেনে যান চলাচল তুলনামূলক স্বাভাবিক রয়েছে।

ট্রাফিক উত্তরার এয়ারপোর্ট জোনের সহকারী কমিশনার (এসি) এস এম হাসিবুর রহমান জানান, দুর্ঘটনায় পতিত কাভার্ডভ্যানটি মালামাল বোঝাই এবং তালাবদ্ধ অবস্থায় রয়েছে। দুর্ঘটনার পর চালক ও সহকারী ঘটনাস্থল থেকে চলে গেছেন। ফলে গাড়ির ভেতরে থাকা মালামাল বের না করে এটি সরানো সম্ভব হচ্ছে না।
তিনি বলেন, “আমাদের নিজস্ব রেকার দিয়ে কাভার্ডভ্যানটি সরানো যাচ্ছে না। রাজারবাগের বড় রেকার-১ বর্তমানে অচল রয়েছে। মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা এসে মালামাল আনলোড করার পরই কাভার্ডভ্যানটি নিরাপদে সরানো সম্ভব হবে।”
তিনি আরও জানান, যানজট কমাতে ট্রাফিক পুলিশ অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিকল্প লেন ব্যবহার, যানবাহন ডাইভারশন এবং ম্যানুয়ালি ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ চলছে। তবে কাভার্ডভ্যানটি অপসারণ না হওয়া পর্যন্ত স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করা কঠিন হবে।
এদিকে দীর্ঘ যানজটের কারণে উত্তরা, আব্দুল্লাহপুর, আজমপুর, রাজলক্ষ্মী, হাউস বিল্ডিং এবং বিমানবন্দর সড়কসংলগ্ন এলাকায় যানবাহনের ধীরগতি লক্ষ্য করা গেছে। কর্মব্যস্ত সপ্তাহের শুরুতে এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হয়েছেন।
ট্রাফিক বিভাগ জানিয়েছে, মালিকপক্ষ ঘটনাস্থলে পৌঁছে মালামাল খালাসের কাজ শেষ করলেই কাভার্ডভ্যানটি সরিয়ে সড়কে স্বাভাবিক যান চলাচল পুনরুদ্ধারের চেষ্টা করা হবে। ততক্ষণ পর্যন্ত চালকদের ধৈর্য ধরে চলাচল এবং প্রয়োজন হলে বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দিয়েছে ট্রাফিক পুলিশ।