বান্দরবানের আলীকদম উপজেলার ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মো. সোহেল রানা-কে।
রবিবার ২৬ জুলাই বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক মো. সানিউল ফেরদোস স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে বলা হয়, স্থানীয় সরকার বিভাগের গত ১২ জুলাই ২০২৬ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দিন-কে এবং একই তারিখের অপর এক প্রজ্ঞাপন অনুযায়ী প্যানেল চেয়ারম্যান-১ আব্দুল মতিন-কে সাময়িক বরখাস্ত করা হয়। পরবর্তীতে ইউপির প্যানেল চেয়ারম্যান-২ ও ৩-কে পরিষদের দায়িত্ব প্রদান করা হলে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার সমূহ আশঙ্কা প্রকাশ করে ইউপি সদস্যরা মত প্রকাশ করেন। ফলে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন সংক্রান্ত জটিলতার সৃষ্টি হয়।

এ অবস্থায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও সেবামূলক কার্যক্রম সচল রাখার স্বার্থে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ১০১ ও ১০২ ধারা এবং স্থানীয় সরকার বিভাগের পরিপত্র অনুযায়ী উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহেল রানা-কে ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।