ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ, স্বেচ্ছাসেবক লীগ নেতা ক্ষমতার দাপটে অবৈধভাবে ১২ তলার স্থলে ১৩ তলা ভবন নির্মাণ করেছেন।
ময়মনসিংহ শহরের ৪০ নং আরকে মিশন রোডে ১২ তলা বিশিষ্ট সিটি স্কয়ার এপার্টমেন্টে নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও দূর্নীতি করা হয়েছে। অভিযোগের ভাষায় নকশা বহির্ভূত ভাবে উপর্যুক্ত কর্তৃপক্ষের কোন অনুমতি বা অনুমোদন ছাড়াই ১২ তলার স্থলে ১৩ তলা ভবন নির্মাণ করা হয়েছে। এই ভবনের জমিদাতা প্রবাসী শেখ মোঃ লুৎফুল কবির সাকি।
এসএসএ বিল্ডিয়ের ব্যবস্থাপনা পরিচালক ও ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক সেবক লীগ এর সভাপতি ক্ষমতার দাপটে নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রশাসনের নাকের ডগায় ১৩ তলা নির্মাণ করে ভবনে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে পরিবার পরিজন নিয়ে বসবাস করছেন।
সিটি স্কয়ার এপার্টমেন্টে বসবাসকারী অন্যান্য ফ্ল্যট মালিকরা দলিলের শর্ত অনুযায়ী ছাদ ব্যবহার করার আইনগত অধিকার থাকলেও জেলা স্বেচ্ছাসেবক সেবক লীগ এর সভাপতি ক্ষমতার দাপটে কাউকে ছাদে যেতে দিচ্ছেন না। তিনি ভবনের ছাদে তালা লাগিয়ে এককভাবে নিয়ন্ত্রণ করছেন।ফ্ল্যাটে বসবাসকারী নিরিহজনদেরকে জিম্মি করে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন।
জেলা স্বেচ্ছাসেবক সেবক লীগ এর সভাপতির অত্যাচারের শিকার ও চরমভাবে ক্ষতিগ্রস্ত সিটি স্কয়ার এপার্টমেন্ট এর ফ্ল্যাট নং- ৯ ডি তে বসবাসকারী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোঃ আব্দুল করিম এর সাথে কথা হলে তিনি বলেন জেলা স্বেচ্ছাসেবক সেবক লীগ এর সভাপতি একজন পিশাচ প্রকৃতির লোক। এই ভবনে অবস্থানকারী সকলেই কমবেশি তার অত্যাচারের স্ট্রিম রুলারে আক্রান্ত হয়েছেন।

জেলা স্বেচ্ছাসেবক সেবক লীগ এর সভাপতি নাজমুল হক মন্ডল এর কর্মকাণ্ডের বিরুদ্ধে মোঃ আব্দুল করিম বাদী হয়ে ময়মনসিংহের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আমলী আদালতে ২০১০ সালের রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইনের ৯(২)/১১(২)/১৩(১)/২১/২৫/২৬/২৭ এর দণ্ডবিধি আইনের ৪২০ ধারায় গত ১৬/০৪/২০২৪ ইং তারিখে মামলা দায়ের করেছেন।
১২ তলা বিশিষ্ট সিটি স্কয়ার এপার্টমেন্ট এর ১৩ তলা নির্মাণ সংক্রান্ত বিষয়টি নিয়ে সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস এর কথা হলে তিনি বলেন বিষয়টি আমার জানা নেই। যদি সত্যি সত্যিই অনুমোদন ছাড়া ১২ তলার স্থলে ১৩ তলা বিশিষ্ট ভবন নির্মাণ করে থাকেন তা আইনের দৃষ্টিতে গুরুতর অপরাধ।
নাজমুল হক মন্ডল এর সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইন্জিনিয়ার জহুরুল হক এর সাথে সিটি স্কয়ার এপার্টমেন্ট এর ১২ তলার স্থলে ১৩ তলা নির্মাণ নিয়ে কথা হলে তিনি বলেন ১২ তলার অনুমোদন নিয়ে ১৩ তলা নির্মাণ কোন ভাবেই গ্রহণযোগ্য নয়। একটি ভবন নির্মাণ ক্ষেত্রে অনেক বিধি বিধান অনুসরণ করে নির্মাণ কাজ সম্পন্ন করতে হয়। পরীক্ষা নিরীক্ষা ও অনুমোদন ব্যতীত ১২ তলার স্থলে ১৩ তলা নির্মাণ আদৌও সম্ভব নয়। এক্ষেত্রে ভবনের ভবিষ্যতে ক্ষতিকর থেকে রেহাই পেতে হলে ১৩ তলা ভাঙ্গা ছাড়া বিকল্প আর কিছু নেই।
ময়মনসিংহ জজ কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট মোঃ লুৎফর রহমান মন্জু ও এডভোকেট মোঃ কামাল উদ্দিন এর সাথে সিটি স্কয়ার এপার্টমেন্ট এর অবৈধভাবে ১৩ তলা নির্মাণ সম্পর্কে জানতে চাইলে তাঁরা বলেন এ ধরনের কাজ করে একটি ১২ তলা ভবনকে ঝুঁকিতে ফেলা হয়েছে। অনতিবিলম্বে ১৩ তলা নির্মাণ কাজ ভেঙে ভবনটিকে ঝুঁকি থেকে রক্ষা করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তড়িৎ ব্যবস্থা গ্রহণ না করলে কোন দূর্ঘটনা ঘটলে এর দায়ভার এড়াতে পারবেন না। এছাড়াও আইনভঙ্গকারী নাজমুল হক মন্ডলকে আইনের আওতায় আনতে হবে এবং শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
নগরবাসী অনেকের সাথে কথা হলে তাঁরা ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মোঃ রুকনুজ্জামান রোকন ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ এর দৃষ্টি আকর্ষণ করে সরেজমিনে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করেছেন।