প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ২:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৪, ২০২৬, ৬:৫০ পি.এম
ওমানে মর্মান্তিক দুর্ঘটনায় চার সহোদরের মৃত্যুতে জামায়াতের গভীর শোক প্রকাশ

ওমানে মর্মান্তিক দুর্ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের চার সহোদর রাসেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলামের আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বৃহস্পতিবার, (১৪ মে) এক শোক বিবৃতিতে বলেন,
“যে পরিবারে কয়েকদিন পর বিয়ের আনন্দ আয়োজন হওয়ার কথা ছিল, সেই পরিবারে আজ শোকের মাতম ও অন্ধকার ছায়া নেমে এসেছে। প্রবাস জীবনের কঠোর সংগ্রাম শেষে পরিবারের মুখে হাসি ফোটাতে যারা নিরলস পরিশ্রম করছিলেন, তাদের এমন মর্মান্তিক মৃত্যু সত্যিই অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। এই চার সহোদরের মৃত্যুর দুঃখজনক ঘটনা শুধু তাদের পরিবারকে নয়, সমগ্র দেশবাসীর হৃদয়কে ভারাক্রান্ত করেছে। এমন মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টের।
তিনি আরও বলেন, জীবিকার তাগিদে বিদেশের মাটিতে অবস্থানরত আমাদের প্রবাসী ভাইয়েরা দেশের অর্থনীতি ও পরিবারের স্বপ্ন পূরণে অসামান্য অবদান রেখে চলেছেন। অথচ অনেক সময় তারা নানা প্রতিকূলতা ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে জীবনযাপন করতে বাধ্য হন। এ ধরনের মর্মান্তিক ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং নিহতদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য আমি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানাচ্ছি।
শোকবার্তায় তিনি মরহুমদের রূহের মাগফিরাত কামনা করেন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করার জন্য মহান রবের দরবারে দোয়া করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ তাআলা যেন তাদের এই শোক সহ্য করার তাওফিক দান করেন।
Copyright © 2026 খুলনা টাইমস ২৪. All rights reserved.