বাগেরহাটের রামপালে মাছের ঘেরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জন রক্তাক্ত জখম ও আহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় ভাগা বাজারে বিএনপির অফিস, কাঁকড়া ডিপো, বিকাশের দোকান, চায়ের দোকানসহ ভেটেরিনারি ঔষধের দোকান ভাংচুর ও টাকা লুটপাটের ঘটনা ঘটেছে।
শনিবার রাত ৯টায় উপজেলার ভাগা বাজার এলাকায় বিএনপির উভয়পক্ষের ১৪ জন আহত হয়। দ্বিতীয় দফায় রোববার সকালে একজনের উপর হামলা করে মাথা ফাটিয়ে দিয়েছে প্রতিপক্ষরা। এখন পর্যন্ত ঘটনাস্থলে থমথমে অবস্থা বিরাজ করছে এবং পুলিশ মোতায়েন রয়েছে।
উভয়পক্ষের সাথে কথা বলে ও পুলিশের দেওয়া তথ্য অনুসারে, শনিবার রাতে বিবাদমান মাছের ঘেরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই ব্যাক্তিকে ধরে ভাগায় বিএনপি’র অফিসে এনে রাখা হয়। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলের যাওয়ার আগে বহিরাগত কয়েকজন ব্যাক্তি আটক ব্যাক্তিদের ছাড়িয়ে আনতে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে।

আকবর হোসেন আকো জানান, প্রতিপক্ষের হামলায় ওই সময় আমি আকবর হোসেন আকো (৫৫), মাসুদ শেখ (৩৮), খোকন শেখ (৩৬), কামরুল শেখ (৪০), শামীম শেখ (৩২), জাহিদ শেখ (৩৫), হানিফা শেখ (৪০) ও সেকেন শেখ (৪৫) আহত হই। এদের মধ্যে মাসুদ ও খোকনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত বিশ্বাস জানান, ভাগার সংঘর্ষের ঘটনার থানায় এখন পর্যন্ত কোন পক্ষ অভিযোগ দায়ের করেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ মোতায়েন করা হয়েছে।