“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানে মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বরিশালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বরিশাল জেলা ও দায়রা জজ শেখ মোঃ ফারুক হোসেন।
আলোচনা সভা ও র্যালিতে জেলা ও দায়রা জজ শেখ মোহাম্মদ ফারুক হোসেন, মহানগর দায়রা জজ মীর মোঃ এমতাজুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ খায়রুল আলম সুমন, পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান, মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ সোহেল আহমেদ, দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোসতাক আহমেদসহ বিভিন্ন আদালতের বিচারক, কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জেলা লিগ্যাল এইড অফিস সূত্রে জানা যায়, এপ্রিল ২০২৫ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত ৫৫১টি মামলায় আইনগত সহায়তা দেওয়া হয়েছে। আপোষ-মীমাংসার মাধ্যমে ২ কোটি ১৮ লাখ টাকার বেশি আদায় এবং ১০৬৪টি মামলা বিকল্প বিরোধ নিষ্পত্তির (ADR) মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে।
এছাড়া ১৩৮৫ জনকে বিনামূল্যে আইনগত পরামর্শ দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানান, লিগ্যাল এইড সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কার্যক্রম আরও জোরদার করা হবে।