খুলনা প্রেসক্লাবে ঢুকে কর্মরত সাংবাদিকদের ওপর হামলা ও হুমকির ঘটনার প্রতিবাদে কয়রায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে কয়রা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
কয়রা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি ও সমকাল পত্রিকার কয়রা প্রতিনিধি শেখ হারুন অর রশিদ। কর্মসূচিতে বক্তব্য দেন সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, প্রথম আলোর কয়রা-পাইকগাছা প্রতিনিধি ইমতিয়াজ উদ্দিন, সহসভাপতি অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, মোঃ আলাউদ্দিন, যুগ্ম সম্পাদক নিতিশ সানা ও মোস্তাফিজ রহমান, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিএম মোনায়েম, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, প্রচার সম্পাদক মোস্তফা রেজওয়ানুল করিম, নির্বাহী সদস্য শেখ সিরাজুদৌলা লিংকনসহ অন্যান্য সদস্যরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএম আল আমিন, ইউনুস আলী, মুশফিকুর রহমান, মাছুম বিল্লাহ, আতাউর রহমান, তুহিন ফরহাদ হোসেন ও আশিকুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এনটিভির অনলাইন করেসপন্ডেন্ট তরিকুল ইসলাম।
মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় এ ধরনের হামলা ও ভয়ভীতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি শুধু ব্যক্তির ওপর আক্রমণ নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।
তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র ও সত্য প্রকাশের পথ বাধাগ্রস্ত হবে। অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান বক্তারা।