ময়মনসিংহের ফুলপুরের জমি নিয়ে বিরোধের জেরে কৃষক আশ্রাব আলী হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস অভিযুক্তদের উপস্থিতিতে এ আদেশ দেন|
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন নূর হোসেন (৫৭),সহিদুল (৩৭) ও উজ্জল মিয়া (৩২)। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন সোহরাব আলী (৬২), রূপা খাতুন (৫৭) ও রেহানা খাতুন (৫৪)।
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৮ জানুয়ারি সকালে অভিযুক্তরা পুর্বপরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র দিয়ে কৃষক আশ্রাব আলীকে হত্যা করেন। পরদিন নিহতের ছেলে জুলহাস ছয়জনকে আসামি করে ফুলপুর থানায় মামলা করেন।

মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও আইনজীবীদের যুক্তি তর্ক শেষে আদালত অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে নূর হোসেন, সহিদুল ও উজ্জল মিয়াকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে ৩০ হাজার টাকা অর্থদণ্ডের রায় দেন।
এ ছাড়া আসামি সোহরাব আলী, রূপা খাতুন ও রেহানা খাতুনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা দেন।
মামালায় রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ আকরাম হোসেন এবং আসামিপক্ষের আইনজীবী এ এইচ এম খালেকুজ্জামান মামলাটি পরিচালনা করেন।