পটুয়াখালীর কলাপাড়ায় ধানের ন্যায্য ও লাভজনক মূল্য নিশ্চিত করা, বাজারে বিদ্যমান সিন্ডিকেট ভাঙা এবং কৃষকের অধিকার প্রতিষ্ঠার দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রল) সকাল ১০টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয় ।
সমাবেশে বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি জিএম মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়নাভিরাম গাইন (নয়ন), নীলগঞ্জ ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুল হক গাজী ও সদস্য আলতাফ গাজী প্রমুখ নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, বর্তমান বাজার ব্যবস্থায় কৃষকরা এক কেজি ধান উৎপাদনে প্রায় ৩০ থেকে ৩২ টাকা ব্যয় করলেও দালাল ও মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটের কারণে সেই ধান ১৬ থেকে ১৮ টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এতে কৃষকরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ।
তারা আরও বলেন, তেল সংকটকে কেন্দ্র করে হারভেস্টার মালিকরা অতিরিক্ত টাকা আদায় করছে। এক কানি জমির ধান কাটতে এখন কৃষকদের ১৬ থেকে ১৮ হাজার টাকা পর্যন্ত গুনতে হচ্ছে, যা গত বছরের তুলনায় প্রায় ৬ হাজার টাকা বেশি। ফলে উৎপাদন খরচ বেড়ে গিয়ে কৃষকরা মারাত্মক আর্থিক চাপে পড়েছেন।
কৃষক নেতারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয় নিশ্চিত করতে হবে এবং ধান ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দিতে হবে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয়কেন্দ্র চালু করারও দাবি জানান তারা। এছাড়া খাল ও স্লুইসগেটের ইজারা ব্যবস্থা বাতিল করে জলাবদ্ধতা ও সেচ ব্যবস্থার সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হয়।
সমাবেশ শেষে কৃষকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঢাকা–কুয়াকাটা মহাসড়কের পাখিমারা বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়।