ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদকাসক্ত ছেলের অত্যাচার ও নির্যাতন সইতে না পেরে অবশেষে পুলিশের দ্বারস্থ হয়েছে এক মা।
নেশার টাকার জন্য পরিবারের সদস্যদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগে ছেলে ও নাতির বিরুদ্ধে তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার ধুলজুড়ী গ্রামের পিয়ার আলীর স্ত্রী চায়না বেগম।
চায়না বেগম তার মাদকাসক্ত ছেলে রাজু মোল্লা (১৮) এর বিরুদ্ধে অভিযোগে উল্লেখ করেন, তার ছেলে রাজু দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য রাজু তার বৃদ্ধ মা ও বাবা এবং পরিবারের অন্যান্য সদস্যদের ওপর প্রতিনিয়ত অত্যাচার চালিয়ে আসছে।

বুধবার (২২ এপ্রিল) সকালে রাজু মোল্লা নেশার টাকার জন্য বাড়িতে এসে বাড়ির আসবাবপত্র ভাঙচুর, তার মা-বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এলোপাথাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে তাদেরকে আহত করে। এবং টাকা না দিলে পরিবারের সদস্যদের খুন করে ফেলার হুমকি দেয়।
ঘটনার পর বিকালে বৃদ্ধ স্বামীকে সাথে নিয়ে চায়না বেগম থানায় উপস্থিত হয়ে আইনি ব্যবস্থা গ্রহণের আবেদন করেন।
চায়না বেগম সাংবাদিকদের বলেন, রাজু আমার গর্ভজাত সন্তান হলেও তার অত্যাচারে আজ আমরা অতিষ্ঠ। নেশার ঘোরে সে যে কোনো সময় আমাদের বড় ধরনের ক্ষতি করতে পারে বা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতে পারে। পরিবারের মান-সম্মান ও জীবনের নিরাপত্তা রক্ষায় আমি তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।