প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ২:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬, ৪:৫০ পি.এম
রাশেদ প্রধানের বাসায় ‘মব সৃষ্টি’ হামলার ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদ

পুলিশের উপস্থিতিতে ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানের বাসায় একদল সন্ত্রাসীর ‘মব সৃষ্টি’ হামলার ঘটনায় জামায়াতে ইসলামীর তীব্র নিন্দা এবং প্রতিবাদ।
রাজধানীর মোহাম্মদপুরে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র এবং ১১ দলীয় ঐক্যের শীর্ষস্থানীয় নেতা ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানের বাসার সামনে পুলিশের উপস্থিতিতে একদল সন্ত্রাসীর ‘মব সৃষ্টি’ ও হামলা এবং পঞ্চগড়ে জাগপার জেলা কার্যালয়ে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার ১৭ এপ্রিল (জুম’আ বার) বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, চব্বিশের ছাত্রজনতার অভ্যুত্থানের পর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অগ্রভাগে থাকা একটি রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতার জেলা পর্যায়ের অফিসে হামলা ও বাসার সামনে আজ সকালে একদল সন্ত্রাসীর ‘মব সৃষ্টি’ ও হামলার ঘটনায় বিএনপি সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে। আমি রাশেদ প্রধানের দলীয় কার্যালয় ও বাসায় হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
একই সঙ্গে তদন্তপূর্বক ঘটনা দুটির সঙ্গে জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি এবং রাশেদ প্রধানের বাসা, রাজনৈতিক কার্যালয় ও তার ব্যক্তিগত নিরাপত্তা দাবি করছি।
আমি দেশের বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতসহ সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি।
Copyright © 2026 খুলনা টাইমস ২৪. All rights reserved.