ওজোপাডিকোতে গ্রাহক সেবার মান বৃদ্ধির লক্ষ্যে লোকবল নিয়োগ এবং অতিরিক্ত কাজের জন্য দ্বিগুণ হারে মজুরী পরিশোধের দাবি জানিয়েছেন পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ নেতৃবৃন্দ। আজ রোববার দুপুর ৩টায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
লিখিত বক্তব্যে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান বলেন, ওজোপাডিকো'র বর্তমান গ্রাহক সংখ্যা ১৭ লাখ ২৮ হাজার ৩১৬ জন, মোট বিতরণ লাইন ১০ হাজার ৭৮৬ কিঃ মিঃ, ৩৩/১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্র আছে ৯৭ টি, এর বিপরীতে কর্মরত কর্মকর্তা আছে ৪৪০ জন, আর শ্রমিক-কর্মচারী আছে ৯৬৪ জন। বিপুল সংখ্যক গ্রাহককে শ্রমিক-কর্মচারীকে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।
লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, ৯৭টি ৩৩/১১ কেভি উপকেন্দ্রের মধ্যে রুরাল টাইম উপকেন্দ্র আছে ১১ টি। বাকী ৮৬ টি উপকেন্দ্রের প্রতিটিতে ৪ জন করে অর্গানোগ্রামে মোট এসবিএ পদ থাকার কথা ৩৪৪ টি। বর্তমানে এসবিএ এবং এসবিএ পদেও দায়িত্ব পালনরত মিটার পাঠক কর্মরত আছে মোট ২২৫ জন। শূণ্য পদ আছে ১১৯ টি। এর মধ্যে ২০২৭ সাল নাগাদ আরও ২০ জন অবসর গ্রহন করবেন। বিগত ২০১৫ সাল থেকে অব্যাহত ভাবে শূণ্য পদের বিপরীতে কর্মরত এসবিএ পদের কর্মচারীবৃন্দ স্বাভাবিক কর্মঘন্টার অতিরিক্ত আরও ৮ থেকে ১৬ ঘন্টা প্রতিদিন কাজ করতে করতে মানষিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন।
তিনি বলেন, একদিকে কোন সাপ্তাহিক ছুটি, সরকারী ছুটি, উৎসব ছুটি বা ক্যাজুয়াল বা অর্জিত ছুটি ভোগ করতে পারছেনা। ফলে পরিবারের লোকজনদের সাথে সম্পর্কের অবনতি ঘটছে। অন্যদিকে অতিরিক্ত সময় কাজ করিয়ে মজুরী পরিশোধ না করায় এদের উপর অমানষিক জুলুম করা হচ্ছে।
এমনকি গত বছরের ১৬ জুন পৃথক দুটি নিয়োগ বিজ্ঞপ্তিতে ৭৫ জন এসবিএ, ৬২ জন সাহায্যকারী এবং ৪০ জন নিরাপত্তা প্রহরী নিয়োগের আবেদন আহবান করা হয়, কিন্তু তা আজও পর্যন্ত আলোর মুখ দেখেনি। এসবিএ পদের বাছাইকৃতদের ৩ থেকে ৭ এপ্রিল মৌখিক পরীক্ষার নোটিশ জারী করা হলেও অনিবার্য কারন দেখিয়ে তা গত ০২ এপ্রিল স্থগিত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি সৈয়দ আনোয়ার হোসেন, সহ-সভাপতি কাজী আলী আহসান সানী ও মোঃ আব্দুল আলীম, যুগ্ম সম্পাদক খন্দকার আব্দুল আউয়াল, মোঃ মোস্তাফিজুর রহমান তুহীন, ও মোঃ জিয়াবুল হক, মোঃ মাহমুদুল হক মাহমুদ, মোঃ আলী হোসেন, মোঃ সালাম, প্রচার সম্পাদক প্রমুখ।
#
ক্যাপশন :
লোকবল নিয়োগ ও দ্বিগুণ মজুরীর দাবিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান।