প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ৮:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১১, ২০২৬, ৭:৪২ পি.এম
শেরপুরে উপনির্বাচনে আহত জামায়াত কর্মীকে দেখতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আমীরে জামায়াত

গত ৯ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনের উপনির্বাচনে বিএনপির সন্ত্রাসীদের হামলায় গুরতর আহত হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুরের শ্রীবরদী উপজেলার সিরাজুল ইসলাম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার, ১১ এপ্রিল তার অবস্থার খোঁজ খবর নিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।
এসময় তিনি চিকিৎসকদের কাছ থেকে সিরাজুল ইসলামের শারীরিক খোঁজখবর নেন এবং আশে-পাশের বেশ কিছু রোগীরও খোঁজখবর নেন। পরে তিনি সিরাজুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করে ও দেশবাসীর জন্য উপস্থিত সকলকে নিয়ে দো'য়া করেন।
ময়মনসিংহ মেডিকেল থেকে বেরিয়ে আসার সময় গণমাধ্যম কর্মীদের মাধ্যমে তিনি সরকারের উদ্দেশে বলেন, আদর্শকে আদর্শ দিয়ে মোকাবেলা করুন। কোন সন্ত্রাসী কায়দায় কোন আদর্শকে মোকাবেলা করা যায় না। ভবিষ্যতে এমন নির্বাচন অনেক হবে, আর যাতে কোন নির্বাচনে এভাবে সন্ত্রাসী কায়দায় মানুষের ওপর হামলা করে নির্বাচন করতে না হয় সে ব্যাপারেও সরকারকে দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, এই জাতীয় ঘটনাকে কোনভাবেই ছোট করে দেখা যায় না, যাবে না। অনতিবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে এবং উপযুক্ত শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।
আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর আব্দুল করিম, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ কামরুল হাসান মিলন এমপি, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুর রশিদ ফরাজী, শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম ও জামায়াত নেতা মাসুদুর রহমানসহ বিপুল সংখ্যক স্থানীয় নেতাকর্মী।
Copyright © 2026 খুলনা টাইমস ২৪. All rights reserved.