রাজশাহী নগরীর কুমারপাড়ায় দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা মহানগর আওয়ামী লীগের ভাঙা দলীয় কার্যালয়ের জায়গাটি ঘিরে নতুন করে প্রশাসনিক তৎপরতা দেখা গেছে। জেলা প্রশাসন স্থানটিকে ‘অর্পিত সম্পত্তি’ হিসেবে ঘোষণা করে সেখানে আনুষ্ঠানিক সাইনবোর্ড স্থাপন করেছে।
সোমবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে স্থাপন করা ওই সাইনবোর্ডে জানানো হয়, সম্পত্তিটি ‘ক’ তফসিলভুক্ত ভেস্টেড অ্যান্ড নন-রেসিডেন্ট প্রপার্টির আওতাভুক্ত। একই সঙ্গে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সরকারের পক্ষে সম্পত্তিটির সার্বিক দায়িত্ব ও ব্যবস্থাপনা রাজশাহীর জেলা প্রশাসক ও কালেক্টরের তত্ত্বাবধানে থাকবে।
প্রদর্শিত তথ্য অনুযায়ী, জমিটি বোয়ালিয়া থানার রামপুর মৌজায় অবস্থিত। এর জেএল নম্বর ১০, খতিয়ান নম্বর ১৮ এবং দাগ নম্বর ২৮১। ‘বাড়ি’ শ্রেণিভুক্ত এই জমির পরিমাণ ০.৪৯৫৬ একর। সংশ্লিষ্ট নথিতে ভিপি কেস নম্বর ২/৭৬-ও উল্লেখ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বহুদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা জায়গাটি নিয়ে নানা অনিশ্চয়তা ছিল। প্রশাসনের এই উদ্যোগের ফলে জমিটির আইনি অবস্থান ও নিয়ন্ত্রণ নিয়ে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।
যদিও এ বিষয়ে জেলা প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি, তবে সংশ্লিষ্ট মহল মনে করছে—সরকারি সম্পত্তি সুরক্ষা এবং নথিভুক্তিকরণ প্রক্রিয়া জোরদারের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।