মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)-এর ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স (এফটিএনএস) বিভাগের সহযোগী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, জাপানের Iwate University-এর The United Graduate School of Agricultural Science থেকে সফলভাবে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।
তিনি ২০২১ সালের এপ্রিল মাসে তাঁর পিএইচডি গবেষণা কার্যক্রম শুরু করেন এবং ২০২৬ সালের মার্চ মাসে তা সফলভাবে সম্পন্ন করেন। তাঁর এই গবেষণা বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-এর অর্থায়নে প্রদত্ত ডক্টরাল ফেলোশিপের মাধ্যমে সম্পন্ন হয়, যা আন্তর্জাতিক মানের গবেষণায় অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে।
তিনি তাঁর গবেষণায় ব্যাকটেরিয়ার বিপাকীয় প্রক্রিয়াকে প্রকৌশলগতভাবে পরিবর্তন করে আখের খোসার মতো কৃষি বর্জ্য থেকে ভ্যানিলিক অ্যাসিড উৎপাদনের একটি নতুন পদ্ধতি উদ্ভাবন করেন। এই ভ্যানিলিক অ্যাসিড ব্যবহার করে জৈব-ভিত্তিক পলিমার তৈরি করা সম্ভব, যা প্রচলিত পেট্রোলিয়াম-ভিত্তিক পলিমারের একটি পরিবেশবান্ধব ও টেকসই বিকল্প হিসেবে বিবেচিত হতে পারে।
তার এই গবেষণা শিল্পক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে ভবিষ্যতে জৈব-উপাদান উন্নয়ন ও টেকসই প্রযুক্তি বিকাশেও এটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
উল্লেখ্য, তাঁর সহধর্মিণী শ্যামলী আক্তার, একই বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি MEXT স্কলারশিপে নিয়ে জাপান থেকে তাঁর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। মাভাবিপ্রবির এফটিএনএস বিভাগের শিক্ষকের এই অর্জনে বিশ্ববিদ্যালয় পরিবারে আনন্দের পাশাপাশি গর্বের আবহ সৃষ্টি হয়েছে।