সন্দ্বীপ: চট্টগ্রামের মূল ভূখণ্ডের সাথে সন্দ্বীপের যোগাযোগের অন্যতম মাধ্যম কুমিরা–গুপ্তছড়া নৌরুটে হঠাৎ করেই স্পিডবোট চলাচল বন্ধ হয়ে গেছে।
জ্বালানি (অকটেন) সংকটের অজুহাতে গত রবিবার সকাল থেকে এই রুটে যাত্রীবাহী স্পিডবোট চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। ফলে জরুরি প্রয়োজনে যাতায়াতকারী হাজার হাজার যাত্রী ঘাটে এসে চরম ভোগান্তিতে পড়েছেন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে স্পিডবোট না পেয়ে অনেককে বাধ্য হয়ে ফিরে যেতে দেখা গেছে।
কেন এই অচলাবস্থা?
ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই নৌরুটে প্রতিদিন গড়ে প্রায় এক হাজার যাত্রী স্পিডবোটে পারাপার হন। বোটগুলো সচল রাখতে প্রতিদিন প্রায় ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার লিটার অকটেনের প্রয়োজন হয়। ইজারাদার জগলুল হোসেন নয়ন জানান, যমুনা অয়েল কোম্পানি থেকে সংগৃহীত অকটেনের রিজার্ভ রবিবার সকালে শেষ হয়ে গেছে। নতুন করে জ্বালানি সংগ্রহের জন্য ব্যাংকের মাধ্যমে পে-অর্ডার দেওয়া হলেও তেল সংকটের কারণ দেখিয়ে যমুনা অয়েল কোম্পানি তা ফেরত দিয়েছে। ফলে জ্বালানি সরবরাহ না থাকায় বাধ্য হয়েই সার্ভিস বন্ধ রাখা হয়েছে।
বিকল্পে ধীরগতি, বাড়ছে ভোগান্তি-
স্পিডবোট বন্ধ থাকায় বিকল্প হিসেবে সীমিত পরিসরে কাঠের বোট দিয়ে যাত্রী পারাপারের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন ঘাট পরিচালনার দায়িত্বে থাকা শামছুল আলম দেলু। তবে স্পিডবোটে যেখানে ২০-২৫ মিনিটে পার হওয়া যেত, সেখানে কাঠের বোটে কয়েক গুণ বেশি সময় লাগছে। এতে যাত্রীচাপ সামাল দেওয়া সম্ভব হচ্ছে না এবং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
সামনে ঈদ: উৎকণ্ঠায় সাধারণ মানুষ-
পবিত্র ঈদুল ফিতর ঘনিয়ে আসায় আগামী চার-পাঁচ দিনের মধ্যে এই ঘাটে যাত্রীচাপ কয়েক গুণ বেড়ে যাবে। সাধারণ যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, "ঈদের আগে এই সংকট পরিকল্পিত কি না তা খতিয়ে দেখা দরকার। দ্রুত জ্বালানি সরবরাহ নিশ্চিত না করলে সন্দ্বীপের লাখো মানুষ যাতায়াতে বড় ধরনের সংকটে পড়বে।"
কর্তৃপক্ষের বক্তব্য-
বিআইডব্লিউটিএ চট্টগ্রাম দপ্তরের সহকারী পরিচালক নয়ন শীল জানান, বিষয়টি জাতীয় পর্যায়ের জ্বালানি সংকটের সাথে সম্পর্কিত হলেও ঈদের কথা বিবেচনা করে তারা যমুনা অয়েল কোম্পানিকে বিশেষভাবে জ্বালানি সরবরাহের অনুরোধ জানাবেন।
অন্যদিকে, সন্দ্বীপের সুশীল সমাজ ও সাংবাদিক নেতারা এক বিবৃতিতে অবিলম্বে জ্বালানি সরবরাহ নিশ্চিত করে স্পিডবোট চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন। তারা মনে করেন, ঈদকে সামনে রেখে এমন অচলাবস্থ।।