নেত্রকোণা জেলা ছাত্রলীগের নেত্রী রুমিতকে ধানমন্ডি থেকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২১ ফেব্রুয়ারী) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গেলে ধানমন্ডি থানা পুলিশ তাকে আটক করে আদালতে সোপর্দ করে বলে জানা গেছে। রুমিত আয়াত সাহিদা (২৫) নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
মামলা সূত্রে জানা যায়, ধানমণ্ডি আদর্শ পুলিশ ফাঁড়ীর দিবা সিসি নং-৬৩৭/২৫ গত নভেম্বর মাসের ৩০ তারিখ মোতাবেক হোটেল মোবাইল ২২০ ডিউটি করাকালীন সময় বিকাল পৌণে ৫ টার সময় ধানমণ্ডি মডেল থানাধীন মিরপুর রোডস্থ সোবাহানবাগ মসজিদের সামনে অবস্থান কালে ধানমন্ডি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, ধানমন্ডি মডেল থানাধীন রোড নং-২৮ (পুরাতন), ১৫ (নতুন), জাতীয় কবি কাজী নজরুল ইনস্টিটিউট গামী প্রবেশ পথে সামনের পাঁকা রাস্তার উপর বাংলাদেশ ছাত্রলীগ ও তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের কতিপয় সদস্য পূর্ব পরিকল্পিতভাবে সংগঠিত হয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অপ প্রচারের উদ্দেশ্যে মিছিল করছে।
জনসম্মুখে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বিভিন্ন সরকার বিরোধী স্লোগান নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুন্নসহ অপপ্রচারের উদ্দেশ্যে সমবেত হয়ে মিছিল করে। এঘটনায় রুমিত আয়াত সাহিদা (২৫) কে ২১ শে ফেব্রুয়ারী সকালে ধানমণ্ডি থানাধীন রোড নং-৩২ থেকে গ্রেফতার করা হয়।
পরে রুমিতকে ঢাকা মহানগর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্র্যাট আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে রুমিতের পরিবার থেকে জানানো হয়েছে যে, সে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ২১ শে ফেব্রুয়ারী ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গেলে পুলিশ তাকে আটক করে আদালতে সোপর্দ করে।
প্রসঙ্গত, সম্প্রতি চিত্র নায়িকা বুবলীর সাথে বেশকিছু প্রোগ্রামে তাকে দেখা গিয়েছে।