শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এই মাহফিলের আয়োজন করা হয়।
ছাত্রশিবিরের এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ, মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ । এছাড়াও বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী ও শিবিরের নেতা-কর্মীরা এতে অংশ নেন। আয়োজনের বিশেষ অংশ হিসেবে স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী ও এতিম শিশুদের সম্মানে ইফতারের ব্যবস্থা করা হয়।ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় মাভাবিপ্রবি শাখা শিবিরের সভাপতি মোহাম্মদ হাফিজ বলেন, "বায়ান্নর ভাষা শহীদরা আমাদের শিখিয়েছেন কীভাবে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে হয়। তাঁদের এই আত্মত্যাগ আমাদের দেশপ্রেম ও নিজেদের অধিকার আদায়ের সংগ্রামে আজীবন অনুপ্রেরণা জোগাবে।
পবিত্র রমজান ও মহান ভাষা দিবসের এই আবহে আমরা ছাত্রসমাজকে সাথে নিয়ে একটি বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক ক্যাম্পাস বিনির্মাণে কাজ করে যেতে চাই।"শাখা শিবিরের সেক্রেটারি রাহাদুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, "বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠনের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। আজকের এই মিলনমেলা প্রমাণ করে যে, দেশের প্রয়োজনে এবং সুস্থ ধারার ছাত্ররাজনীতি বিকাশে আমরা সবাই ঐক্যবদ্ধ।
এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে নিয়ে ইফতার করতে পেরে আমরা আনন্দিত।"আলোচনা শেষে মহান ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির সমৃদ্ধি ও কল্যাণ চেয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা শেষে উপস্থিত সকলে একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।