ফরিদপুরের ভাঙ্গায় স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে দাওয়াত না পাওয়ায় দুটি ইউনিয়নের গ্ৰামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।
শনিবার বিকেলে উপজেলার পুখুরিয়া বাজারে মানিকদহ ইউনিয়ন ও হামিরদী ইউনিয়নে গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের সময় পুখুরিয়া এএস একাডেমি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবককে বিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে অবরুদ্ধ, মহাসড়কের দুপাশে তীব্র যানজট সৃষ্টিতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়। এ ঘটনায় বাজারের বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তিন ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় । আহতদের মধ্যে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলহাজ শরিফ (২৪), ইদ্রিস শরিফ (২৮) ও রাসেল শেখকে (২৮) ভর্তি করা হয়েছে এবং সদরপুর উপজেলা হাসপাতালে বেশ কয়েকজনকে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, পুখুরিয়া এএস একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আবু জাহের ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সদরুল আলম অনুষ্ঠান উদ্বোধন করেন। দুপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে উপস্থিত হামিরদী ইউনিয়নের মৌজার কিছু বখাটে যুবক সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল কবির তাদের নিবৃত্তের চেষ্টা করেন। এ সময় পার্শ্ববর্তী হামিরদী ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিদের ক্রীড়া প্রতিযোগিতায় দাওয়াত না দেওয়ার বিষয়টি সামনে এনে সেখানে তর্কবিতর্ক সৃষ্টিতে প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের আরো দুজন সহকারী শিক্ষক জড়িয়ে পড়েন। উত্তেজনাকর পরিস্থিতিতে বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এ সময় দশম শ্রেণির শিক্ষার্থী তামিমকে মেরে আহত করে মৌজা এলাকার বখাটে ছেলেরা।
এ খবর তামিমের এলাকায় ছড়িয়ে পড়লে মানিকদাহ ইউনিয়নের খা কান্দা নাজিরপুরসহ আশপাশের শত শত মানুষ প্রতিবাদে সড়কে নেমে আসে। পাল্টা জবাবে মৌজার ১০ গ্ৰামের শত শত মানুষ দেশীয় অস্ত্র নিয়ে মহাসড়কের পাশে অবস্থান নিয়ে উভয় পক্ষের লোকজন ধাওয়া ও পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। খবর পেয়ে ভাঙ্গা থানার পুলিশ ও জেলার অতিরিক্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। একপর্যায়ে স্থানীয় বিএনপির নেতা কর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম জানান, ব্রাহ্মমকান্দা আবুল শরীফ একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে কিছু যুবক বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় দুটি গ্ৰামের বাসিন্দারা সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় জনগণের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অবরুদ্ধ শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্ধার এবং সন্ধ্যায় মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।