ফরিদপুরে সেনাবাহিনী পরিচয়ে চাঁদাবাজি করার সময় হাতেনাতে মো. আরিফ শেখ (৩৮) নামে এক ভূয়া সাংবাদিককে আটক করেছে সেনাবাহিনী।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুর সেনা ক্যাম্প।
সেনাবাহিনী সুত্র জানায়, শহরের গোয়ালচামট কিষাণহাট এলাকায় আরিফ শেখ নামে এক ব্যক্তি বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয় দিয়ে জনগণের কাছ থেকে চাঁদাবাজি করছে। এমন খবরের ভিত্তিতে ফরিদপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং স্থানীয় পুলিশের একটি যৌথ দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানে ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়। পরবর্তী জিজ্ঞাসাবাদে সে নিজেকে 'দৈনিক ঘোষণা' সংবাদপত্রের সাংবাদিক হিসেবে দাবি করে এবং ভুয়া পরিচয়ে সাধারন জনগণকে হেনস্তার অভিযোগ স্বীকার করেন। তাকে আটকের পর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়টি নিয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার আরিফ শেখের বিরুদ্ধে সেনাবাহিনীর ভুয়া পরিচয় দেয়ার অপরাধে বিশেষ ধারায় প্রতারণা মামলা হয়েছে।