কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদানের পর থেকেই নিজের কর্মদক্ষতা এবং মানবিকতা দিয়ে সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মো. মকবুল হোসেন। দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই তিনি উপজেলার প্রশাসনিক কাজের গতিশীলতা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রান্তিক মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমানে কাঁঠালিয়া উপজেলার সাধারণ মানুষ এবং শ্রমজীবী মেহনতি মানুষের কাছে তিনি এক অনন্য আস্থার ঠিকানায় পরিণত হয়েছেন।
উন্নয়ন ও মানবিকতার সমন্বয়-
মকবুল হোসেন দায়িত্ব নেওয়ার পর থেকে উপজেলার প্রতিটি দপ্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেছেন। সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি যে নতুনত্বের সূচনা করেছেন, তা ইতিমধ্যে সর্বমহলে প্রশংসিত হয়েছে। শুধু সরকারি দায়িত্ব পালনই নয়, বরং ব্যক্তিগত উদ্যোগেও তিনি অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
স্থানীয় সাধারণ মানুষ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে আলাপকালে জানা যায়, মো. মকবুল হোসেন একজন জনবান্ধব আমলা। একজন গরিব মেহনতি মানুষও খুব সহজে তাঁর কাছে গিয়ে নিজের সমস্যার কথা বলতে পারেন। কোনো রকম ভোগান্তি ছাড়াই সাধারণ মানুষ এখন উপজেলা প্রশাসনের সেবা গ্রহণ করতে পারছে।
উপজেলার সাধারণ মানুষের মতে, আমরা এমন একজন অভিভাবক পেয়েছি যিনি দিন-রাত আমাদের কথা ভাবেন। বিপদে-আপদে তাকে কাছে পাওয়া যায়। তিনি আমাদের জন্য কেবল একজন সরকারি কর্মকর্তাই নন, বরং একজন ভরসার আশ্রয়।
উন্নয়ন ও মানবিকতার এই ধারাবাহিকতা বজায় রেখে কাঁঠালিয়া উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তর করবেন মো.মকবুল হোসেন এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। তাঁর এই বলিষ্ঠ নেতৃত্ব ও মানবিক গুণাবলি আগামী দিনে প্রশাসনের অন্য কর্মকর্তাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।