নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার বেনীপুর গ্রামে গঠিত মানবিক সংগঠন বেনীপুর তরুণ ঐক্য সংসদ আদর্শ সমাজ গঠনের লক্ষ্য নিয়ে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। গত ১৫ মার্চ ২০২৫ সালে সংগঠনটির পথচলা শুরু হয়।
প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটির সদস্যরা সমাজের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে এগিয়ে আসেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি, কঠিন বর্জ্য অপসারণ, বৃক্ষরোপণ কর্মসূচি, জনসাধারণের পানির সুবিধার্থে অচল টিউবওয়েল সংস্কার, তাফসিরুল কুরআন মাহফিল আয়োজন, ফ্রি ব্লাড পরীক্ষা, ফ্রি ডায়াবেটিস পরীক্ষা, ফ্রি প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান।
এছাড়াও শীতকালীন ফুটবল টুর্নামেন্ট আয়োজন, ঈদ উপলক্ষে পূর্ণমিলনী অনুষ্ঠান, মসজিদ পরিষ্কার কার্যক্রমসহ নানাবিধ সামাজিক ও ধর্মীয় উদ্যোগ গ্রহণ করে সংগঠনটি এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে। এরই ধারাবাহিকতায় আজ শীতার্ত ১৫ জন অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বেনীপুর তরুণ ঐক্য সংসদের সদস্যরা। শীত মৌসুমে দরিদ্র মানুষের কষ্ট লাঘবে এ উদ্যোগকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন এলাকাবাসী।
এ বিষয়ে সংগঠনের সভাপতি আরমান হাবিব বলেন,
মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। শীতার্ত মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই আমাদের শ্রম সার্থক হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও সাংবাদিক নাহিদ হাসান বলেন,সমাজের অবহেলিত মানুষের জন্য কাজ করাই আমাদের দায়বদ্ধতা। ভবিষ্যতেও বেনীপুর তরুণ ঐক্য সংসদ মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।
এলাকাবাসীরাও সংগঠনটির উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন,শীতবস্ত্র বিতরণসহ সংগঠনটির প্রতিটি কার্যক্রমই এলাকার মানুষের উপকারে আসছে। তরুণদের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার ধারাবাহিকতায় বেনীপুর তরুণ ঐক্য সংসদ আগামীতেও অসহায় মানুষের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।