নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও মানবাধিকার বিষয়ে সামাজিক সচেতনতা জোরদারের লক্ষ্যে সিক্সটিন ডেইজ অব অ্যাক্টিভিজম ২০২৫-এর প্রতিপাদ্যকে কেন্দ্র করে রোববার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহ রোভার স্কাউট ভবনের মিলনায়তনে জাতীয় উন্নয়ন সংগঠন বিএনএনআরসি-র উদ্যোগে এক প্রেস কনফারেন্স ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে ময়মনসিংহ সদর উপজেলার ৬টি ইউনিয়নের নারী অধিকার ও সামাজিক সচেতনতায় সক্রিয় ভূমিকা রাখা ১২ জন গ্রামীণ দায়িত্বশীল নারীকে সম্মাননা প্রদান করা হয়। নিজ নিজ এলাকায় নারী অধিকার প্রতিষ্ঠা, সহিংসতা প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার ক্ষেত্রে তাঁদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।

বিশেষ ল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী বিষয়ক অধিদপ্তর, ময়মনসিংহ জেলার প্রোগ্রাম অফিসার নাছিমা খাতুন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিএনএনআরসি’র ফোকাল পার্সন, সিনিয়র সাংবাদিক ও নিষ্ঠা উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক স্বাধীন চৌধুরী। তিনি বলেন,নারীর প্রতি সহিংসতা কোনো ব্যক্তিগত সমস্যা নয়; এটি একটি গভীর সামাজিক ও মানবাধিকার সংকট। নাগরিক সমাজ, স্থানীয় নেতৃত্ব ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ ছাড়া এই সহিংসতা প্রতিরোধ সম্ভব নয়।
বিশেষ অতিথি নাছিমা খাতুন বলেন,
নারীর অধিকার রক্ষায় কেবল আইন প্রণয়ন যথেষ্ট নয়; সমাজের প্রতিটি স্তরে সচেতনতা ও প্রতিরোধের সংস্কৃতি গড়ে তুলতে হবে। স্থানীয় পর্যায়ে দায়িত্বশীল নারীদের সক্রিয় ভূমিকা এই পরিবর্তনের ভিত্তি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিক্সটিন ডেইজ অব অ্যাক্টিভিজম উদযাপন পর্ষদের আহ্বায়ক অধ্যাপক লিয়া আফরোজ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদযাপন পর্ষদের সদস্য অ্যাডভোকেট জাহিদুল ইসলাম পাঠান রুশো।
সম্মাননাপ্রাপ্ত নারীরা হলেন—খাগডহর ইউনিয়নের কলাবতী বর্মণ ও তাছলিমা আক্তার,চর ঈশ্বরদীয়া ইউনিয়নের মোছাঃ রোকিয়া বেগম ও মোছাম্মত রাশিদা আক্তার,চর নিলক্ষীয়া ইউনিয়নের রাহিমা আক্তার ও মোছাঃ সখিনা আক্তার, সিরতা ইউনিয়নের মোছাঃ নাছিমা আক্তার ও মোছাঃ সুমা আক্তার,দাপুনিয়া ইউনিয়নের জাহানারা মনি ও আফরোজা আক্তার শিউলী,ভাবখালী ইউনিয়নের পারুল আক্তার ও মোছাঃ বিউটি।
বক্তারা বলেন, সিক্সটিন ডেইজ অব অ্যাক্টিভিজম আমাদের স্মরণ করিয়ে দেয় যে—নারীর অধিকার মানবাধিকারের অবিচ্ছেদ্য অংশ। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি স্থানীয় নেতৃত্ব, নাগরিক সমাজ ও নারীদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।
অনুষ্ঠানে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। বিএনএনআরসি’র ফোকাল পার্সন স্বাধীন চৌধুরীসহ উপস্থিত অতিথিবৃন্দ এসব প্রশ্নের জবাব দেন।
অনুষ্ঠান সম্মাননাপ্রাপ্ত নারীদের হাতে সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।