
শনিবার রাতে ভারতের দিল্লির কূটনৈতিক এলাকায় নিরাপত্তা বেস্টনি ভেদ করে বাংলাদেশ হাইকমিশনের সামনে গিয়ে বিক্ষোভ করেছে 'হিন্দু চরমপন্থীদের' একটি দল।
রবিবার দুপুর নাগাদ বাংলাদেশের কয়েকটি সংবাদমাধ্যম এ খবর দিলেও ভারত কিংবা বাংলাদেশ - কর্তৃপক্ষের তরফে কোন পক্ষ থেকেই প্রথমে বিষয়টি নিশ্চিত করা হয়নি।
বিকেল নাগাদ প্রথমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফেসবুকে এ নিয়ে একটি বিবৃতি দেন, আর তার কিছু পরেই বাংলাদেশের অন্তবর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা একটি ব্রিফিং করেন। তারপরই জানা যায় শনিবার রাতে দিল্লির চানক্যপুরীতে যেখানে বাংলাদেশ হাইকমিশনের অফিস, সেখানে একদল হিন্দু চরমপন্থী নিরাপত্তা বেস্টনি পেরিয়ে ঢুকে পড়েছিল।
এ সময় ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
তবে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে উদ্ধৃত করে ফেসবুকে দেয়া বিবৃতিতে দাবি করা হয়েছে, "একদল যুবক বাংলাদেশ হাইকমিশনের সামনে বাংলাদেশের ময়মনসিংহে দিপু চন্দ্র দাসের ঘটনার প্রতিবাদ করে শ্লোগান দিয়েছে, কিন্তু বেস্টনি ভেদ করা বা নিরাপত্তা পরিস্থিতি তৈরির কোনো চেষ্টা ছিলো না।"
যদিও ভারতের এ বক্তব্য নাকচ করে দিয়েছেন তৌহিদ হোসেন।
সপ্তাহখানেক ধরে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে টানাপােড়েন বাড়ছে, এবং দুই দেশেই এ নিয়ে তিক্ত ঘটনা বেড়ে চলেছে।