ফরিদপুরের ভাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের স্তীর ধারালো বটির কোপে লুৎফর রহমান টুকু মোল্লা (৪৫) নামক এক ব্যক্তি নিহত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার আলগী ইউনিয়নের গুলপান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার আলগী ইউনিয়নের গুলপান্দি গ্রামের লুৎফর রহমান টুকু মোল্লার সাথে চাচাতো ভাই সোহাগ মোল্লার পারিবারিক কলহ চলে আসছিল। শুক্রবার সন্ধ্যায় টুকু মোল্লার হাঁস চাচাতো ভাই সোহাগ মোল্লার ঘরে যাওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে ঝগড়ার শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে সোহাগ মোল্লার স্ত্রী সিমা আক্তার (২৫) ধারালো বটি দিয়ে লুৎফর রহমান টুকুকে মারাত্মক জখম করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম বলেন, পারিবারিক কলহের জেরে লুৎফর রহমান টুকু মোল্লা নিহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।