মহান বিজয় দিবস উপলক্ষে বাঘাইছড়ি বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা একত্রিত হয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পমাল্য অর্পণ শেষে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে সংক্ষিপ্ত দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির উপদেষ্টা নাগরচাঁন চাকমা, সহ-সভাপতি শান্তি চাকমা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হামিদ, অর্থ সম্পাদক মিঠু চাকমা, সদস্য অমিও চাকমা ও আব্দুল মালেকসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীরা।
বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বিজয় জাতির শ্রেষ্ঠ অর্জন। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলাই শিক্ষক সমাজের অন্যতম দায়িত্ব। তারা আরও বলেন, বিজয় দিবস আমাদের স্বাধীনতার ইতিহাস স্মরণ করিয়ে দেয় এবং দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রেরণা জোগায়।