শহিদ বুদ্ধিজীবী হত্যাকারীদের বিচার দাবি করে খুলনায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার দিবসের প্রথম প্রহরে গল্লামারি স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। খুলনা জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শিক্ষা, সামাজিক ও পেশাজীবী প্রতিষ্ঠান নানা কর্মসূচির আয়োজন করে।
খুলনা জেলা প্রশাসন : যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদ্যাপনের লক্ষ্যে খুলনা জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে সকাল সাড়ে ১০টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আ স ম জামসেদ খোন্দকার। এছাড়া সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হচ্ছে। জেলা ও উপজেলা পর্যায়ে স্কুল, কলেজ, মাদ্রাসাসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে।

বিএনপি : খুলনা মহানগর ও জেলা বিএনপি বেলা ১১টায় দলীয় কার্যালয়ে শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করে। উপস্থিত ছিলেন দলের নগর সভাপতি এসএম শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন প্রমুখ।
এর আগে সংগঠনের নেতৃবৃন্দ রাত ১২টা এক মিনিটে গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
খুলনা বিশ্ববিদ্যালয় : শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে সকাল ৮টায় খুলনা বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে কালোব্যাজ ধারণ, সকাল ৮টা ১০ মিনিটে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, শোভাযাত্রা সহকারে শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। বেলা ১১টা ১৫ মিনিটে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া অনুষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় মন্দিরে প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় : সূর্যোদয়ের সাথে সাথে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (কুয়েট) প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলরের বাসভবন এবং শিক্ষার্থীদের আবাসিক হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত) ও কালো পতাকা উত্তোলন করা হয়। বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা এবং বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।
খুলনা প্রেসক্লাব : দিবসটি উপলক্ষ্যে রবিবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেস ক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ক্লাবের আহবায়ক এনামুল হক।
মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন : শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) বেলা ১১টায় ইউনিয়ন কার্যালয়ে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি রাশিদুল ইসলাম।
এর আগে শনিবার রাত ১২টা ১মিনিটে খুলনা প্রেসক্লাব, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, খুলনা (এমইউজে) ও খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) রাত ১২টা এক মিনিটে গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে।