ইমামদের বিষয়ে বক্তব্যে প্রতিক্রিয়া; প্রতিবাদ জানিয়েছে ইমাম সমিতি।
বাগেরহাট-৪ (শরণখোলা- মোড়েলগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপনের দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে জেলায় ইমাম সমাজের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সম্প্রতি দেওয়া ওই বক্তব্যে মসজিদের ইমামদের ‘ধরে বেঁধে পুলিশে দেওয়ার’ কথা বলা হয়েছে বলে অভিযোগ ওঠে।
বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে জেলার মসজিদের ইমামদের সংগঠন ইমাম সমিতি আপত্তি জানায়। সমিতির পক্ষ থেকে বলা হয়, এ ধরনের মন্তব্য ধর্মীয় ব্যক্তিত্বদের প্রতি অবমাননাকর এবং অনভিপ্রেত।

ইমাম সমিতির নেতারা জানান, তাদের জানা মতে বাগেরহাট জেলায় এমন কোনো ঘটনার তথ্য নেই, যেখানে কোনো ইমাম শিশুর মাথায় হাত রেখে বা কোরআনের ওপর হাত রেখে কোনো রাজনৈতিক দলের পক্ষে ভোট চেয়েছেন। বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ অভিযোগ তুলে মন্তব্য করায় তারা উদ্বেগ প্রকাশ করেন।
তারা আরও বলেন, ভিত্তিহীন ঘটনার উল্লেখ করে বক্তব্য প্রদান সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় পরিবেশের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এ ঘটনায় ইমাম সমিতির পক্ষ থেকে কাজী খায়রুজ্জামান শিপনের বক্তব্যের নিন্দা জানানো হয়েছে এবং তাকে বক্তব্য প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়।
এ বিষয়ে কাজী খায়রুজ্জামান শিপনের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।