রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় রবিবার (৯ ডিসেম্বর) “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য: গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস–২০২৫ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ভদ্র সেন চাকমা সভাপতিত্ব করেন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল হামিদ সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জনাব আমেনা মারজান প্রধান অতিথি হিসেবে এবং বাঘাইছড়ি থানার নবাগত অফিসার-ইন-চার্জ জনাব নাসির উদ্দিন মজুমদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দুর্নীতি অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করে, সুশাসনকে দুর্বল করে এবং সমাজে বৈষম্য বাড়ায়। তাই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে স্থানীয় সরকার ও প্রশাসনের প্রতিটি স্তরে সৎ ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তরুণদের নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তাঁরা।
সভায় আরও বলা হয়—বিদ্যালয়, কলেজ, ধর্মীয় উপাসনালয় ও কমিউনিটি পর্যায়ে নিয়মিত কুইজ, বিতর্ক, আলোচনাসভা ও কর্মশালা আয়োজন দুর্নীতি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখতে পারে। যেকোনো অনিয়ম বা অপচয় দেখলে নির্ভয়ে রিপোর্ট করার সামাজিক পরিবেশ গড়ে তোলা এবং দুর্নীতিবাজদের সামাজিক বয়কট করার ওপরও জোর দেওয়া হয়।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন— উগলছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত চাকমা, রূপকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেসমিন চাকমা, উপজেলা শিক্ষা অফিসার সঞ্চয়ন চাকমা, বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন, বাঘাইছড়ির স্থানীয় কমিশনার সুনন্দা তালুকদার, জামায়াতে ইসলামী বাঘাইছড়ির আমীর হাজী মো. কবির আহম্মদ, পৌর বিএনপি বাঘাইছড়ির সভাপতি নিজাম উদ্দিন বাবু, এবং শিজক কলেজের অধ্যক্ষ সুবাস দত্ত চাকমা।