মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে “ইউনিভার্সিটি র্যাঙ্কিং: অ্যাপ্লিকেশন প্রসিডিউরস, ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড ইমপ্রুভমেন্ট স্ট্রাটেজিস” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৫ অক্টোবর ২০২৫ (শনিবার) সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বিজিই বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ।

প্রশিক্ষণ কর্মশালায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. ফারুক এম. শেখ প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিভিন্ন র্যাঙ্কিং প্ল্যাটফর্ম ও আবেদন প্রক্রিয়া, র্যাঙ্কিং সংক্রান্ত ডাটা ম্যানেজমেন্ট, এবং র্যাঙ্কিং উন্নয়নে কৌশলগত পদক্ষেপ ও ব্রেইনস্টর্মিং বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
কোয়ালিটি রিভিউ অ্যান্ড র্যাঙ্কিং কমিটি (কিউআরআরসি)-এর আহ্বায়ক ও আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মতিউর রহমান ডাটা সংগ্রহের গুরুত্ব ও প্রক্রিয়া নিয়ে বক্তব্য রাখেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রাইমারি রিসার্চ কন্টাক্ট ও কিউআরআরসির সদস্য-সচিব ড. জিয়াউর রহমান র্যাঙ্কিংয়ের যাত্রা, বর্তমান অবস্থা এবং গত এক বছরের কমিটির কার্যক্রম তুলে ধরেন।

স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ খাইরুল ইসলাম, এবং পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ শাহ্ আদিল ইশতিয়াক আহমদ।
বক্তারা জানান, বিশ্ববিদ্যালয়ের কিউএস র্যাঙ্কিং, সাসটেইনেবল রেটিং, এবং ইমপ্যাক্ট র্যাঙ্কিং সংক্রান্ত কার্যক্রম চলমান রয়েছে।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী হিসেবে বিশ্ববিদ্যালয়ের কিউআরআরসির সদস্যবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং মনোনীত শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।