জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মী জোবায়েদ হত্যার প্রতিবাদে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ চত্বরে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। মিছিলে অংশগ্রহণ করেন কাচালং সরকারি কলেজ ছাত্রদলের শতাধিক নেতাকর্মী। তারা “জোবায়েদ হত্যার বিচার চাই”, “ছাত্রদলের উপর হামলা বন্ধ করো”সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে দিতে শহরের বিভিন্ন এলাকা ঘুরে আসে।
মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন কাচালং সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান তারেক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন। সমাবেশে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি আবু ইছা, সহ-সভাপতি নাহিদুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক নোমান হোসেন অভি ও দপ্তর সম্পাদক মোখলেস উদ্দিনসহ অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা বলেন, “৫ আগস্টের পরিবর্তনের পর আমরা আশা করেছিলাম দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, গণতন্ত্র ফিরে আসবে এবং মানুষ নিরাপত্তা পাবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ছাত্রদলের নেতাকর্মীদের উপর ধারাবাহিক হামলা, গ্রেপ্তার ও হত্যার ঘটনা ঘটছে। সর্বশেষ জোবায়েদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে—এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
তারা আরও বলেন, “এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার না করলে ছাত্রদল রাজপথে তীব্র আন্দোলনে নামতে বাধ্য হবে। অন্যায়ের বিরুদ্ধে ছাত্রদল কখনোই নতি স্বীকার করবে না।”
সমাবেশ শেষে নিহত জোবায়েদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।