এস আলমের গ্রুপের টাকায় অনেক নেতারা ব্যবসা করছেন বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, ‘‘এস আলমের টাকা শুধু শেখ হাসিনা খাননি। বর্তমানে দেশের অনেক রাজনৈতিক দলের নেতারা এস আলমের টাকায় ব্যবসা করছেন ও খাচ্ছেন। ওই টাকায় বিদেশে তাদের ছেলে-মেয়েদের পড়াচ্ছেন।’’
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জ শহীদ স্মৃতিস্তম্ভে প্রাঙ্গণে এবি পার্টির জুলাই গণসমাবেশ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
মানিকগঞ্জ জেলা এবি পার্টির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম জনির সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ব্যারিস্টার আব্বাস ইসলাম খান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, জুলাই শহীদ সাদের বাবা সফিকুল ইসলাম, জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা রমজান মাহমুদ ও আসাদুল্লাহ প্রমুখ।
ফুয়াদ আরো বলেন, ‘‘দেশের স্বার্থে শত্রুপক্ষের সঙ্গে আপস হবে না। দিল্লির আধিপত্যের প্রশ্নে আপস হবে না। এ ব্যাপারে দেশের স্বার্থে আমরা ছাড় দেব না।’’