ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে ঐক্যবদ্ধ বিএনপির পক্ষে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা জবাব গোলাম আজম সৈকত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রচার ও ধানের শীষের পক্ষে গণসংযোগ কার্যক্রমে অংশ নেবেন তিনি।
সূত্র জানায়, ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজাপুর উপজেলার ৪নং গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ গাজীরহাট যুব সমাজের উদ্যোগে আয়োজিত "আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫"-এর উদ্বোধন করবেন সৈকত।
পরদিন ২৬ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৯টা থেকে সারাদিন কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের বিভিন্ন হাটবাজারে গণসংযোগ চালাবেন তিনি। ২৭ সেপ্টেম্বর শনিবার সকাল ও দুপুরে রাজাপুর সদরের সামাজিক অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি বিকেল ৩টায় রাজাপুর বাইপাস থেকে শহরে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করবেন।
২৮ সেপ্টেম্বর রবিবার কাঠালিয়ার পাটিখালঘাটা ইউনিয়নের বিভিন্ন হাটবাজারে সারাদিন গণসংযোগ চালাবেন তিনি। ২৯ সেপ্টেম্বর সোমবার বিকেল ৩টায় গালুয়া ইউনিয়নের হাটবাজারে গণসংযোগ অনুষ্ঠিত হবে।
৩০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৩টা থেকে কাঠালিয়ার চেচরীরামপুর, পাটিখালঘাটা, আমুয়া, সদর, শৌলজালিয়া ও আওরাবুনিয়া ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতনী ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করবেন সৈকত। ১ অক্টোবর বুধবার বিকেল ৩টায় রাজাপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে অংশ নেবেন তিনি।
২ অক্টোবর বৃহস্পতিবার সারাদিন আওরাবুনিয়া ইউনিয়নে সর্বসাধারণের সঙ্গে সৌজন্য বিনিময় করবেন বলে জানা গেছে। আর ৩ অক্টোবর শুক্রবার নিজ বাড়িতে জুমার নামাজ আদায় শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন জনাব গোলাম আজম সৈকত।