গত বছরের সেপ্টেম্বরে ফ্লোরিডার গলফ কোর্সের কাছে হত্যার চেষ্টা করা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এই খুনের চেষ্টার অভিযোগে মার্কিন এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে ফ্লোরিডার ফোর্ট পিয়ার্সে অবস্থিত ফেডারেল আদালত। হামলার এক বছর পরে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এই রায় দিয়েছে আদালত। খবর আল-জাজিরার।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টায় যাকে দোষী সাব্যস্ত করা হয়েছে তার নাম রায়ান রাউথ।
আদালত রায়ে বলেছে, ৫৯ বছর বয়সী রায়ান রাউথ তৎকালীন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার ইচ্ছা করেছিলেন। তার বিরুদ্ধে আনা আরো চারটি অভিযোগেও তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে একজন ফেডারেল এজেন্টকে বাধাগ্রস্ত করা ও অস্ত্র সংক্রান্ত অপরাধ। তার সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
গতকাল মঙ্গলবার আদালতের রায় ঘোষণার পর কলম দিয়ে নিজের ক্ষতি করার চেষ্টা করেন রায়ান। মার্কিন মার্শালরা তাকে আটকান।
তিনি আরো বলেন, “এই হত্যার চেষ্টা কেবল আমাদের প্রেসিডেন্টের ওপর আক্রমণ ছিল না, বরং আমাদের জাতির প্রতিও অপমান ছিল।”
আদালতের এই রায় প্রকাশের পর দেশের বিচার ব্যবস্থা এবং বিচারকদের ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে তিনি বলেন, “রায়ান একজন দুষ্ট লোক, যার উদ্দেশ্য খারাপ ছিল এবং তারা তাকে ধরে ফেলেছে।”
আদালতের এই রায়ের প্রশংসা করে ‘যুক্তরাষ্ট্রে ন্যায়বিচারের জন্য এটি একটি খুব বড় মুহূর্ত’ বলেও মন্তব্য করেন ট্রাম্প।
ফ্লোরিডার ফোর্ট পিয়ার্সে অবস্থিত ফেডারেল আদালতে গত ৮ সেপ্টেম্বর থেকে এই মামলার শুনানি শুরু হয়।
ইউক্রেনের সমর্থক হিসেবে রায়ান রাউথ উত্তর ক্যারোলিনার বাসিন্দা। ফ্লোরিডার আগে হাওয়াইতে থাকতেন তিনি।