দেশে নামসর্বস্ব পুরস্কার প্রদানের আড়ালে অর্থ আদায়ের প্রবণতা বাড়ছে উদ্বেগজনকভাবে। এসব অনুষ্ঠানে অংশ নিচ্ছেন শোবিজ তারকারা, তবে অতিথি বা পুরস্কার গ্রহণ করতে হলে অনেক সময় অভিনয়শিল্পীদের দিতে হচ্ছে মোটা অঙ্কের টাকা। জনপ্রিয় অভিনেতা ওমর সানীর অভিযোগ—কেউ কেউ ৩০ হাজার, ৫০ হাজার এমনকি এক লাখ টাকা পর্যন্ত দিয়ে এসব অনুষ্ঠানে পুরস্কার নেন।
ধবার (১৭ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, ‘আপনারা কারা এই ধরনের পুরস্কার অনুষ্ঠানে অতিথি হয়ে যান? পুরস্কার নেওয়ার জন্য ৩০ হাজার, ৫০ হাজার, কখনো ১ লাখ টাকা দেন! তাঁদের লোভের কারণেই এমন অনুষ্ঠান হয়। দেশের জনসংখ্যা বেশি চিটার-বাটপারও বেশি।’
এটাই প্রথম নয়; এর আগেও একাধিকবার অ্যাওয়ার্ড অনুষ্ঠান নিয়ে তীব্র সমালোচনা করেছেন ওমর সানী। সম্প্রতি তিনি প্রশ্ন তুলেছিলেন, ‘কিসের ভিত্তিতে পুরস্কার দিচ্ছেন? আর আপনি কিসের ভিত্তিতে পুরস্কার নিচ্ছেন—নিজেকে প্রশ্ন করেছেন?’