রাজশাহীতে প্রকাশ্যেই এক ব্যবসায়ীর মাথা ফাটিয়ে তাঁর মোটরসাইকেল নিয়ে গেছে ছিনতাইকারীরা।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে নগরের রাজপাড়া থানার বহরমপুর নিমতলা পেঁয়াজির মোড়ে এ ঘটনা ঘটে।
ঘটনার পর মো. চাঁদ (৪০) নামের ওই ব্যবসায়ীকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথা, কপাল ও নাকে গুরুত্বর জখম হয়েছে। তার বাড়ি নগরের বোয়ালিয়া থানার সপুরা মথুরডাঙ্গা শিল্পীপাড়া মহল্লায়।

মো. চাঁদ রামেক হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। তিনি দাবি করেন, দুপুরে তিনি মোটরসাইকেল নিয়ে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। তখন কয়েকজন যুবক তাকে দাঁড় করান। তিনি থামলে তার মোটরসাইকেলের চাবি তুলে নেওয়া হয়। এসময় হঠাৎ পেছন থেকে একজন তার মাথায় বাঁশ দিয়ে আঘাত করেন। এতে তিনি অচেতন হয়ে পড়েন। অচেতন হওয়ার পরে তার মোটরসাইকেলও নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি শুনেছেন। ছিনতাইকারীদের মধ্যে সুরুজ, হাসিবুল ও ইসরাত নামের তিনজনকে চিনতে পেরেছেন তিনি।
ঘটনার খবর পেয়েই অভিযুক্তদের আটক করতে তৎপরতা শুরু করেছে নগরের রাজপাড়া থানা পুলিশ। থানার উপপরিদর্শক (এসআই) তাজ উদ্দিন বলেন, ‘ঘটনার খবর পেয়েই আমরা ঘটনাস্থলে এসেছি। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা করছি।’
তাজ উদ্দিন আরও বলেন, ‘চাঁদের মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে। এটা আমরা নিশ্চিত হয়েছি। তবে টাকা তারা ছিনিয়ে নিতে পারেনি। ভুক্তভোগী কিছুটা সুস্থ হলে তাঁর সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া যাবে কারা এর সাথে জড়িত। তবে ঘটনাস্থল পরিদর্শন করে ছিনতাই কারীদের প্রাথমিক পরিচয় নিশ্চিত হওয়া গেছে।