ঝালকাঠির রাজাপুর উপজেলার কেওতা গ্রামের হাওলাদার বাড়ি এলাকায় অবস্থিত বায়তুন নুর জামে মসজিদে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজসহ নিয়মিত জুমার নামাজ আদায় করেন স্থানীয় মুসল্লিরা। তবে অবকাঠামোগত ঘাটতির কারণে মুসল্লিদের চরম ভোগান্তির মধ্যে ইবাদত-বন্দেগি করতে হচ্ছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) স্থানীয়রা জানান, বর্তমানে যে ঘরটিতে মসজিদ হিসেবে ব্যবহৃত হচ্ছে, তা জরাজীর্ণ কাঠের তৈরি ছোট একটি ঘর। ঘরের ছাউনি ছিদ্র হয়ে গেছে, ফলে বৃষ্টির সময় পানি চুইয়ে পড়ে। গরমে ঘরে থাকে অসহনীয় অবস্থা। এ অবস্থায় মুসল্লিরা মানবেতর পরিবেশে ইবাদত করতে বাধ্য হচ্ছেন।

মসজিদের জন্য জমি দানকারী স্থানীয় সাইফুল ইসলাম বলেন, “আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ৬৩ শতাংশ জমি দান করেছি। আমাদের এলাকায় একটি পূর্ণাঙ্গ ইসলামী কমপ্লেক্সসহ নতুন মসজিদ নির্মাণের প্রয়োজন। এ জন্য দেশের বিত্তবানদের পাশাপাশি প্রবাসী মুসলিমদের সহযোগিতা কামনা করছি।”

তিনি আরও বলেন, “যে যতটুকু পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আল্লাহর ঘর নির্মাণে অংশগ্রহণ করলে দুনিয়া ও আখিরাতে এর প্রতিদান মিলবে।”
স্থানীয় মুসল্লিরা জানান, এলাকাটি দুর্গম ও অনুন্নত হওয়ায় সরকারি বা বেসরকারি কোনো সহায়তা এখনো পাওয়া যায়নি। এ অবস্থায় তারা দেশ-বিদেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি সহযোগিতার আবেদন জানিয়েছেন।
যারা সাহায্য করতে ইচ্ছুক, তারা সরাসরি যোগাযোগ করুন- 01711989907