রাজবাড়ী জেলার পদ্মা নদীতে ধরাপরা একটি ঢাই মাছ বিক্রি হয়েছে ১ লাখ ৮ হাজার ৪শ ৮০ টাকায়।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোরে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা নদীর চরকর্নেশন এলাকা থেকে জীবন হালদার নামে এক জেলের জালে মাছটি ধরা পরে। ঢাকার এক প্রবাসী মাছটি কিনে নেন।
জানা যায়, প্রতিদিনের মতই নদীতে মাছ ধরতে যান জীবন হালদার। বৃহস্পতিবার ভোরের দিকে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা নদীর চরকর্নেশন এলাকায় জাল ফেললে মাছটি ধরা পরে। পরবর্তীতে মাছটি স্থানীয় আনোয়ার হোসেন নামে এক ব্যক্তির আড়তে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, ধরা পরা এ মাছটির ওজন ছিল ২২ কেজি ৬০০ গ্রাম।
স্থানীয় মৎস্য আড়ৎদার আনোয়ার হোসেন খান জানান, ' আমার ব্যবসার বয়স এখন ৫০ বছর, এত বড় ঢাই মাছ আমিও কখনো দেখি নাই। আমার আড়ৎ থেকেই মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ উন্মুক্ত নিলামের মাধ্যমে এই ঢাই মাছটি কিনে নিয়েছেন।'
স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, ' ঢাই মাছটি আনোয়ার হোসেনের আড়ৎ থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ৪ হাজার ৬শ টাকা প্রতি কেজি দরে মোট ১ লাখ ৩ হাজার ৯শ ৬০ টাকা দিয়ে কিনে নেই। পরে মুঠোফোনের মাধ্যমে ঢাকায় বসবাসরত এক প্রবাসীর পরিবারের কাছে ৪ হাজার ৮শ টাকা প্রতি কেজি দরে মাছটি ১ লাখ ৮ হাজার ৪শ ৮০ টাকায় বিক্রি করেছি।'
এ বিষয়ে গোয়ালন্দ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট জানান, 'এ বছর নদীতে মাঝে মধ্যেই বড় বড় মাছ ধরা পড়ছে। মাছগুলো বিক্রি করে স্থানীয় জেলে ও মাছ ব্যবসায়ীরা অনেক লাভবান হচ্ছেন৷ এটা এলাকার স্থানীয়দের জন্য তথা জেলাবাসীর জন্যেও অত্যন্ত আনন্দের খবর ।'